লক ডাউন টু মেমোরী লেন
গোলাপি চাঁদের মোহময় আলো,
লকডাউন এর বাধ্যতামূলক বিশ্রামের আবেশ,
হারিয়ে যাওয়া দিন গুলোর খোঁজে
ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া স্বপ্ন গুলো
বুকে চেপে
অনেক আগে হারিয়ে যাওয়া ছাদে।
আবার ফিরে এলাম।
লক ডাউন
অনেক কিছু ফিরিয়ে দিচ্ছে,
পুরনো হতাশা, দুঃখ, কষ্টের দিন ও কি ফিরবে?
বেশ তো ফিরুক,
আবার লড়ব।
আগের বার দাঁতে দাঁত চেপে লড়ে ছিলাম,
এবার কিন্তু চুলে পাক ধরছে ---
বুড়ো হলে জেদ বাড়ে।
৮ বছর আগের লড়াইটা আর একবার লড়তে হবে।
রক্ত কতটা গরম আছে দেখা যাক,
হেরে গেলে ?
ব্রায়ান আদামস তো রইলো ---
১৫ বছর আগের লড়াইটা তো সেই রসদ দিত
মাঝ রাতের একলা ছাদের মাঝে।
সব ফিরছে লক ডাউন এ,
ঘড়ি উল্টো দিকে ঘুরছে,
মাইনে কমছে, মানুষ কমছে, সুদ কমছে
টাকা কমছে, সুখ কমছে।
প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে,
নিজেরটা বুঝে নিচ্ছে।
এতো কিছু ফিরছে যখন
তাহলে পুরোন বিকেলের ক্রিকেট ও ফিরুক,
সচিন- সৌরভ ফিরুক,
সেই ২৪ সাইজের জিনস ও ফিরুক।
বাবার ধমক
ল্যান্ড লাইনে মিস কল ফিরুক --
লুকিয়ে দুপুরের আচার ও ফিরে আসুক
আর এত কিছু যদি ফিরলোই,
সেই নিঃস্বার্থ, সরল মনের
প্রথম প্রেমটা আর কি দোষ করলো?