May 12, 2020

ভাগোড়া

              ভাগোড়া

জালনা গুলো সব বন্ধ
ডুকরে ওঠা মন
অলস হয়ে যাওয়া স্নায়ুতন্ত্র,
হাতের আঙ্গুল গুলো অভ্যেসবশত
গালে উঠে আসে
নাহ, জল নেই, শুকিয়ে গেছে --
যন্ত্রণার বোধ মন বুঝলেও
শরীর ব্যক্ত করে করে আজ ক্লান্ত,
নিষ্কর্মা, ব্যর্থ, প্রমাণ করলো কোরোনা। 
ছোট থেকে লড়ছে ছেলেটা,
শৈশবের সাথে, একাকীত্বর সাথে,
অতি সাধারণতার সাথে।
হ্যাঁ, মস্ত বড় পাপ,
এই দুনিয়া শুধু কদর করতে জানে
ভালোবাসতে জানে না ---
হয় ছিনিয়ে নিতে হবে নয়তো পুরস্কার
বাকিদের দাম নেই,
আধার কার্ডের সংখ্যা আর ভোটার।
কেউ মনে রাখে না,
জানতে চায় না ---
সত্যকে ভয়, সুস্থ জীবন
আর দুটো খেয়ে বাঁচতে চায়।
কি চেয়েছিল? কি ছিল?
একটা ছোট ঘর, যেখানে একটু শান্তি,
খুব বড়, অন্যায় দাবি ছিল!!!
ছি ছি!! একি মেনে নেওয়া যায়?
সাধারণ তুমি, অতি সাধারণ।
তোমার জন্ম হয়েছে পিষে মরে যেতে,
হতাশায়, আশার চাপে --
জীবনে যেটুকু পাবে, বিসর্জন করতে হবে,
ভুলে যেতে হবে বেঁচে থাকার উপায়,
একটা ছোট চাকরি---
সেকি!!!
এত শখ!!! এত সয় না, কখনো হয়না!!
নিয়ে নিলো সব।
হা হা হা ---
কিরে? ভালো মানুষের ব্যাটা?
আর স্বপ্ন দেখবি জীবনে সুখী হবার?
খবরদার যদি ভেবেছিস ---
পচে মর, খেটে মর, না খেয়ে মর।
জানবি, তোকে কেউ ভালোবাসে না, কেউ চায়না,
স্বার্থ যতদিন আছে, ততদিন।
বিছানাটা খালি হয়ে গেল,
সকালে পেটে ভাত নেই --
তাই রাতেও কোন ইজ্জত নেই,
তার মনে বাস করে কোন জনা ?
তা তো সে জানা ছিল না,
ভেবে দেখার কথা মনেই হয়নি কখনো।
কিন্তু মরতে বড় ভয়,
সেতো মধ্যবিত্ত, পাছে লোকে কি বলে?
খেতে না পেলে কেউ খোঁজ নেয়না,
বউ পালালে লুকিয়ে হাসে,
তবুও কেউ তো কিছু বলে না---
কিন্তু মরে গেলে?
তখন তো বলবে "ভীতু" ছিল ছোট থেকেই,
সেই শেষ অব্দি পালিয়ে গেল।

April 08, 2020

লক ডাউন টু মেমোরী লেন

লক ডাউন টু মেমোরী লেন

গোলাপি চাঁদের মোহময় আলো,
লকডাউন এর বাধ্যতামূলক বিশ্রামের আবেশ,
হারিয়ে যাওয়া দিন গুলোর খোঁজে
ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া স্বপ্ন গুলো
বুকে চেপে
অনেক আগে হারিয়ে যাওয়া ছাদে।
আবার ফিরে এলাম।
লক ডাউন
অনেক কিছু ফিরিয়ে দিচ্ছে,
পুরনো হতাশা, দুঃখ, কষ্টের দিন ও কি ফিরবে?
বেশ তো ফিরুক,
আবার লড়ব।
আগের বার দাঁতে দাঁত চেপে লড়ে ছিলাম,
এবার কিন্তু চুলে পাক ধরছে ---
বুড়ো হলে জেদ বাড়ে।

৮ বছর আগের লড়াইটা আর একবার লড়তে হবে।
রক্ত কতটা গরম আছে দেখা যাক,
হেরে গেলে ?
ব্রায়ান আদামস তো রইলো ---
১৫ বছর আগের লড়াইটা তো সেই রসদ দিত
মাঝ রাতের একলা ছাদের মাঝে।
সব ফিরছে লক ডাউন এ,
ঘড়ি উল্টো দিকে ঘুরছে,
মাইনে কমছে, মানুষ কমছে, সুদ কমছে
টাকা কমছে, সুখ কমছে।
প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে,
নিজেরটা বুঝে নিচ্ছে।

এতো কিছু ফিরছে যখন
তাহলে পুরোন বিকেলের ক্রিকেট ও ফিরুক,
সচিন- সৌরভ ফিরুক,
সেই ২৪ সাইজের জিনস ও ফিরুক।
বাবার ধমক 
ল্যান্ড লাইনে মিস কল ফিরুক --
লুকিয়ে দুপুরের আচার ও ফিরে আসুক
আর এত কিছু যদি ফিরলোই,
সেই নিঃস্বার্থ, সরল মনের
প্রথম প্রেমটা আর কি দোষ করলো?

February 14, 2020

খাপ ছাড়া, ছেঁড়া খোঁড়া

খাপ ছাড়া, ছেঁড়া খোঁড়া

ছুটছে ছেলেটা, ছুটে চলেছে,
সকাল থেকে মাঝরাত,
কেন কিসের জন্য কেউ জানে না।
টাকার জন্য?
জীবনের জন্য?
কি পাচ্ছে?
সবাই ছুটছে বলে,
এই দুনিয়ায় থেমে থাকা যায় না তাই।
ছুটতে ছুটতে চুলের পাশে পাক ধরেছে,
রোজ বাড়ছে সংখ্যাটা গুনিতক হারে--
মাঝে মাঝে নিজের সাথে লাভ ক্ষতির হিসেব কষে।
মনের সাথে পাওয়া না পাওয়ার দর কষাকষি,
শূন্য ভাঁড়ার উল্টে ঝেড়ে দেখে
নিশ্চিত শূন্যতার মাঝে,
যদি কোথাও এক কণা সুখ খুঁজে পাওয়া যায়।
পৃথিবীতে তাকে বোঝার কারও দায় নেই
শুধু হিসেবে বুঝিয়ে দিতে হয়,
মিলিয়ে দিতে হয়।
তার মনের খোঁজ এর দায়িত্ব কারো উপর বর্তায় না,
টাকা,
বিক্রি করে দিতে হয়েছে --
জীবন, আনন্দ, সুখ, ছোট ছোট স্বপ্ন
সব কিছু।
সবাই ভালো আছে,
সবাইকে ভালো থাকতে দেখে ছেলেটা ভালো আছে।
শুধু কষ্ট গুলো
হঠাৎ করে কবর থেকে উঠে বসে
রাতের অন্ধকার চিরে
চিৎকার করে হাসতে থাকে,
তখন ছেলেটার খুব কান্না পায়।
কেউ বলে না,
তোমাকে ভালোবাসি,
সবাই শুধু হিসেব বুঝে নেয়।
কেউ ভালোবাসে না,
ভালোবাসতে নেই,
বাকিরা হিংসার আগুনে 
পুড়িয়ে নেয় নিজেদের মনের মত --
মাঝে মাঝে ছেলেটা আকাশ দেখে,
চোখ বন্ধ করে মেপে নেয়,
এখন ও জীবন পরে আছে,
অনেক কে হিসেব বুঝিয়ে দেওয়া বাকি --
ভালোবাসা-বাসি,
ওসব ফাঁকি
সব হরমোনের কারিগরী--
এগিয়ে চলাই জীবন,
গড়িয়ে পরা চোখের জলটা জিভ দিয়ে শুষে নেয়,
ঘুম সব ভুলিয়ে দেয়।

February 11, 2020

চির মুক্তি

যা চেয়েছি তাই পেয়েছি, 
যে ভাবে চেয়েছি, সে ভাবে পায়নি। 
জীবনের থেকে কথার দাম বেশি,
তার দাম কেউ দেয়নি,
কেউ বোঝেনি। 
পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, 
পুন্যাত্মা হবো কি?

হে দয়াময়,
যদি এত টুকু পুণ্য ও করে থাকি ---
অধমের শেষ ও অন্তিম ইচ্ছা,
এ জন্ম যেন শেষ জন্ম হয়।
সব হিসেব মিলিয়ে নিয়ে,
চির মুক্তির দেশে মিলিয়ে যেতে চাই,
কোন লোভ নেই
লালসা, পাপ, কোন ইচ্ছা নেই,
চিরমুক্তির স্বস্তি টুকু থাক 
আর থাক
এই পৃথিবীতে ফিরে না আসার আশ্বাস।