February 14, 2020

খাপ ছাড়া, ছেঁড়া খোঁড়া

খাপ ছাড়া, ছেঁড়া খোঁড়া

ছুটছে ছেলেটা, ছুটে চলেছে,
সকাল থেকে মাঝরাত,
কেন কিসের জন্য কেউ জানে না।
টাকার জন্য?
জীবনের জন্য?
কি পাচ্ছে?
সবাই ছুটছে বলে,
এই দুনিয়ায় থেমে থাকা যায় না তাই।
ছুটতে ছুটতে চুলের পাশে পাক ধরেছে,
রোজ বাড়ছে সংখ্যাটা গুনিতক হারে--
মাঝে মাঝে নিজের সাথে লাভ ক্ষতির হিসেব কষে।
মনের সাথে পাওয়া না পাওয়ার দর কষাকষি,
শূন্য ভাঁড়ার উল্টে ঝেড়ে দেখে
নিশ্চিত শূন্যতার মাঝে,
যদি কোথাও এক কণা সুখ খুঁজে পাওয়া যায়।
পৃথিবীতে তাকে বোঝার কারও দায় নেই
শুধু হিসেবে বুঝিয়ে দিতে হয়,
মিলিয়ে দিতে হয়।
তার মনের খোঁজ এর দায়িত্ব কারো উপর বর্তায় না,
টাকা,
বিক্রি করে দিতে হয়েছে --
জীবন, আনন্দ, সুখ, ছোট ছোট স্বপ্ন
সব কিছু।
সবাই ভালো আছে,
সবাইকে ভালো থাকতে দেখে ছেলেটা ভালো আছে।
শুধু কষ্ট গুলো
হঠাৎ করে কবর থেকে উঠে বসে
রাতের অন্ধকার চিরে
চিৎকার করে হাসতে থাকে,
তখন ছেলেটার খুব কান্না পায়।
কেউ বলে না,
তোমাকে ভালোবাসি,
সবাই শুধু হিসেব বুঝে নেয়।
কেউ ভালোবাসে না,
ভালোবাসতে নেই,
বাকিরা হিংসার আগুনে 
পুড়িয়ে নেয় নিজেদের মনের মত --
মাঝে মাঝে ছেলেটা আকাশ দেখে,
চোখ বন্ধ করে মেপে নেয়,
এখন ও জীবন পরে আছে,
অনেক কে হিসেব বুঝিয়ে দেওয়া বাকি --
ভালোবাসা-বাসি,
ওসব ফাঁকি
সব হরমোনের কারিগরী--
এগিয়ে চলাই জীবন,
গড়িয়ে পরা চোখের জলটা জিভ দিয়ে শুষে নেয়,
ঘুম সব ভুলিয়ে দেয়।

February 11, 2020

চির মুক্তি

যা চেয়েছি তাই পেয়েছি, 
যে ভাবে চেয়েছি, সে ভাবে পায়নি। 
জীবনের থেকে কথার দাম বেশি,
তার দাম কেউ দেয়নি,
কেউ বোঝেনি। 
পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, 
পুন্যাত্মা হবো কি?

হে দয়াময়,
যদি এত টুকু পুণ্য ও করে থাকি ---
অধমের শেষ ও অন্তিম ইচ্ছা,
এ জন্ম যেন শেষ জন্ম হয়।
সব হিসেব মিলিয়ে নিয়ে,
চির মুক্তির দেশে মিলিয়ে যেতে চাই,
কোন লোভ নেই
লালসা, পাপ, কোন ইচ্ছা নেই,
চিরমুক্তির স্বস্তি টুকু থাক 
আর থাক
এই পৃথিবীতে ফিরে না আসার আশ্বাস।